Print Date & Time : 24 October 2026 Saturday 10:52 pm

কুমিল্লায় কিশোর-গ্যাং বিরোধী অভিযানে আটক ২৭৫

image

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লাজুড়ে মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দমনে পরিচালিত এক সাঁড়াশি অভিযানে ২৭৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। গত ২৩ অক্টোবর সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এ অভিযানে অংশ নেয়। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায়-বিশেষ করে কিশোর বয়সী বখাটেদের আড্ডা ও উৎপাতপ্রবণ স্থানগুলোতে একযোগে এ সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাও সরাসরি মাঠে উপস্থিত ছিলেন।

পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, আটককৃত ২৭৫ জনের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ১৪২ জনের বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, প্রাথমিক অনুসন্ধানে সরাসরি অপরাধে সম্পৃক্ততা না পাওয়ায় ১৩৩ জনকে কঠোর মুচলেকার মাধ্যমে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

জেলা পুলিশ জানায়, উঠতি বয়সী কিশোরদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া রোধসহ স্থানীয় মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও ছিনতাই প্রতিরোধে নিয়মিত এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

একই সঙ্গে অভিযান চলাকালে যেন কোনো সাধারণ বা নিরপরাধ ব্যক্তি অহেতুক হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ।  

—জা. অর্থনীতি/এলএটি