Print Date & Time : 23 October 2026 Friday 07:44 pm

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৫১২ হুথি যোদ্ধা হতাহত হওয়ার দাবি সরকারি বাহিনীর

image

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সামরিক অবস্থান লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ৭৮০টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। এসব হামলায় প্রায় ৫১২ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন অথবা যুদ্ধ করার সক্ষমতা হারিয়েছেন বলে জানিয়েছেন সরকারি বাহিনীর মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি। এ ছাড়া ৩৩০টির বেশি সামরিক যান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে আল-নুজাইলি জানান, ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর আওতায় এসব অভিযান পরিচালিত হয়েছে। উত্তরাঞ্চলের বিভিন্ন রণাঙ্গনের পাশাপাশি আল-জাওফ, পশ্চিম মারিব ও আল-বায়দা প্রদেশে হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়।

তাঁর ভাষ্য অনুযায়ী, হুথিদের মাঠপর্যায়ের কমান্ডার, সেনা সমাবেশ, রসদবাহী দল, ভারী অস্ত্রের অবস্থান, সামরিক স্থাপনা ও যানবাহন ছিল এসব হামলার লক্ষ্য। তাইজ প্রদেশের সম্মুখভাগে পাঠানোর জন্য প্রস্তুত করা ভারী অস্ত্র, অতিরিক্ত সেনা ও রসদও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশনে তাইজ প্রদেশে বিমান হামলার খবর প্রকাশ করা হয়। ওই হামলায় হুথিদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা, রাডার, সামরিক যোগাযোগ সরঞ্জাম ও অস্ত্রের গুদাম লক্ষ্যবস্তু ছিল বলে প্রতিবেদনে জানানো হয়।

সরকারি বাহিনীর দাবি, এসব অভিযানে হুথিদের সামরিক তৎপরতা ব্যাহত হয়েছে এবং সম্মুখভাগে সেনা ও সরঞ্জাম পাঠানো কঠিন হয়ে পড়েছে। তবে হামলা, হতাহত ও সামরিক ক্ষয়ক্ষতির পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে হুথিদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জা.অর্থনীতি/এসআই