Print Date & Time : 23 October 2026 Friday 06:51 pm

১৬ বছরের কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, জন্মের পরই নবজাতকের মৃত্যু

image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানে ১৬ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্তান প্রসবের পর নবজাতকের মৃত্যু হয়েছে। রাজ্যের দৌসা জেলার এ ঘটনা প্রকাশ্যে আসে হাসপাতালে নবজাতককে নিয়ে যাওয়ার পর। বৃহস্পতিবার (২২ অক্টোবর) পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, দৌসা জেলার কোলওয়া থানার আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে। কিশোরীর অভিযোগ, একদল যুবক তাকে অপহরণ করে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ের কাছের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে দলবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ওই স্থানেই প্রসববেদনা শুরু হলে কিশোরী একটি সন্তানের জন্ম দেয়। পরে নবজাতককে নিয়ে সে হাসপাতালে পৌঁছায়। সেখানে চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। বিষয়টি জানার পর হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় পুলিশকে খবর দেয়।

দৌসার পুলিশ সুপার কুন্দন কানওয়ারিয়া জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় কিশোরীর জবানবন্দি নেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলা করা হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশকে।

পুলিশ সুপার আরও জানান, কিশোরীর চিকিৎসা পরীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রাথমিক তদন্তে কিশোরীর বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তদন্তে জানা গেছে, এক পুরুষ বন্ধু মোটরসাইকেলে করে কিশোরীকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। এ ঘটনায় নাম উল্লেখ করা এক সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

জা.অর্থনীতি/এসআই