Print Date & Time : 23 October 2026 Friday 02:23 am

সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ নববধূর মৃত্যু

image

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কুমিরায় বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ হয়ে তন্নী দে (২০) নামে এক নববধূর মৃত্যু হয়েছে।

বুধবার (বিজয়া দশমী) রাত ৮টার দিকে কুমিরা বাসস্ট্যান্ড সর্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।

তন্নী দে কুমিরা অমিত ডেকোরেটরের মালিক মহাদেব দের একমাত্র মেয়ে। প্রায় এক বছর আগে যশোরের কেশবপুর উপজেলার মূলগ্রামের মৃদুলের সঙ্গে তার বিয়ে হয়। পূজা উপলক্ষে তিনি বাবার বাড়ি পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিজয়া দশমীতে কুমিরা বাসস্ট্যান্ড সর্বজনীন পূজামণ্ডপে অন্যান্য নারীর সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন তন্নী। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়।

পরে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে তার মরদেহ কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মরাদেহ কুমিরা গ্রামে তার বাবার বাড়িতে আছে।

—জা. অর্থনীতি/এনজে