Print Date & Time : 23 October 2026 Friday 10:37 pm

১৩ তলার বারান্দায় গ্রিল ধরে ঝুলে ছিল শিশু

image

আন্তর্জাতিক ডেস্ক: চীনের একটি আবাসিক ভবনের ১৩ তলার বারান্দার গ্রিলে মাথা আটকে ঝুলে পড়ে তিন বছরের এক শিশু। শিশুটির বিপদের খবর পেয়ে দ্রুত এগিয়ে আসেন প্রতিবেশীরা। দমকল বাহিনী পৌঁছানোর আগেই শিশুটিকে নিরাপদে রাখার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি চীনের ফুজিয়ান প্রদেশের ঝাংপিং শহরে ঘটেছে। শনিবার সকালে খেলতে গিয়ে শিশুটি বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে পড়ে। এ সময় তার মাথা গ্রিলে আটকে যায়। মাথা আটকে থাকা অবস্থায় সে ভবনের ১৩ তলার বারান্দার বাইরে ঝুলতে থাকে।

শিশুটিকে এ অবস্থায় দেখতে পেয়ে আবাসনের এক বাসিন্দা দ্রুত হোয়াটসঅ্যাপ গ্রুপে তার ছবি পাঠিয়ে অন্যদের সতর্ক করেন। পরে জানা যায়, ওই সময় শিশুটি বাড়িতে একাই ছিল। প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধারের উদ্যোগ নেন এবং দমকল বিভাগকে খবর দেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শিশুটির মাথা গ্রিলে আটকে রয়েছে এবং সে দুই হাতে গ্রিল ধরে ঝুলে আছে। নিচের তলার বারান্দায় দাঁড়িয়ে এক নিরাপত্তারক্ষী ও এক তরুণ শিশুটির নিচে একটি টুল ধরে রাখেন, যাতে সে পড়ে গেলে আঘাতের ঝুঁকি কমে। পরে ঘটনাস্থলে দমকলের গাড়ি পৌঁছাতে দেখা যায়। দমকলকর্মীরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির বাবা তখন অফিসে ছিলেন। মা তাকে ঘুম পাড়িয়ে মুদি দোকানে গিয়েছিলেন।

জা.অর্থনীতি/এসআই