Print Date & Time : 28 October 2026 Wednesday 06:28 am

'ভারতবিরোধী রাবণ' পোস্টারে ড. ইউনূস-ইলন মাস্ক

image

জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: ভারতের উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে দশেরা বা ‘রাবণ দহন’ উৎসব উপলক্ষে ‘সনাতন ভারতের বিরোধী রাবণ’ শীর্ষক একটি বিতর্কিত পোস্টার প্রকাশ করেছে ‘সনাতন রক্ষা সংগঠন’। এই বিশেষ পোস্টারটিকে কেন্দ্র করে বর্তমানে রাজ্য রাজনীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে।

এই অদ্ভুত পোস্টারে রাবণের দশটি মুখে ভারত ও আন্তর্জাতিকভাবে আলোচিত বিভিন্ন ব্যক্তিত্বের ছবি বসানো হয়েছে। এতে মার্কিন শিল্পপতি ইলন মাস্ক এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতীকী ছবিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া পোস্টারে রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, সাবেক এমপি আতিক আহমেদ, মুক্তার আনসারি, আজম খান, আইনজীবী প্রশান্ত ভূষণ, জর্জ সরোস ও ইলহান ওমরের মুখচ্ছবি। উৎসবের প্রাক্কালে এমন পোস্টার পুরো আয়োজনে এক তীব্র রাজনৈতিক মাত্রা যোগ করেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায়, লক্ষ্ণৌয়ের একটি সড়ক থেকে সমাজবাদী পার্টির নেতাকর্মীরা এই বিতর্কিত পোস্টারটি সরিয়ে ফেলছেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক চক্রান্ত হিসেবেই এটিকে দেখছেন অখিলেশ সমর্থকেরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া  

—জা. অর্থনীতি/এএইচএ