Print Date & Time : 21 October 2026 Wednesday 02:32 am

শীতে আফগানিস্তানে তীব্র খাদ্যসংকটে পড়তে পারে ১ কোটি ৯২ লাখ মানুষ

image

জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: আসছে শীতে আফগানিস্তানে প্রায় ১ কোটি ৯২ লাখ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। মঙ্গলবার (২০ অক্টোবর) জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) এ আশঙ্কার কথা জানিয়েছে।

জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আফগানিস্তানে ওসিএইচএর মুখপাত্র ওলগা চেরেভকো বলেন, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে দেশটির প্রায় ১ কোটি ৫৯ লাখ মানুষ সংকটজনক বা তার চেয়েও গুরুতর পর্যায়ের খাদ্যনিরাপত্তাহীনতায় ভুগছে। অর্থাৎ দেশটির প্রায় প্রতি তিনজনের একজন এ সংকটের মধ্যে রয়েছে।

তিনি জানান, চলতি শীতে প্রায় ৫০ লাখ মানুষ খাদ্যসংকটের জরুরি পর্যায়ে পৌঁছাতে পারে। এতে দেশটির সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।

শিশুদের অপুষ্টি নিয়েও উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী বছর ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী ৪০ লাখের বেশি শিশুর তীব্র অপুষ্টির চিকিৎসা প্রয়োজন হতে পারে। তাদের মধ্যে প্রায় ১১ লাখ শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

অর্থায়ন কমে যাওয়ায় দেশটির প্রায় এক-তৃতীয়াংশ পুষ্টিসেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে অথবা সেবা কার্যক্রম স্থগিত করেছে বলেও জানান চেরেভকো।

তিনি সতর্ক করে বলেন, এসব সেবা একবার বন্ধ হয়ে গেলে এর পরিণতি অপূরণীয় হতে পারে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে।

জাতিসংঘের মতে, অর্থায়নের ঘাটতি আফগানিস্তানে খাদ্যসহায়তা ও পুষ্টিসেবা কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। শীতকাল ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে খাদ্যসংকট মোকাবিলা এবং ঝুঁকিতে থাকা শিশুদের চিকিৎসা নিশ্চিত করা আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

—জা.অর্থনীতি/জেআরটি