জাতীয় অর্থনীতি ডেস্ক: নাটোরে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়া এলাকার নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন ৯ জন।
পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জন মারা যান।
এ ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ৮ জনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম।
ভোরে চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে বড়াইগ্রাম উপজেলা প্রশাসন। বর্তমানে নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
—জা. অর্থনীতি/এলএটি