জাতীয় অর্থনীতি স্পোর্টস: বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে মালদ্বীপকে ৩৩–২০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা এই সাফল্য অর্জন করে।
ম্যাচের শুরু থেকেই মালদ্বীপকে চাপে রাখে স্বাগতিকরা। প্রথমার্ধেই ১৬–৫ গোলের শক্ত ব্যবধান গড়ে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। দারুণ গতি ও আক্রমণের মুখে মালদ্বীপের রক্ষণভাগ ভেঙে পড়ে। দলের পক্ষে একাই আটটি গোল করে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন সানজিদা আক্তার।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা তিনটায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। এর আগে গ্রুপ পর্বে ভারতের কাছে ৪৭–১৩ গোলে হারলেও ঘরের মাঠে শিরোপা জেতার জন্য শেষ মিনিট পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দলের খেলোয়াড়রা।
জা. অর্থনীতি/এআর