Print Date & Time : 27 October 2026 Tuesday 05:07 am

গাড়ির ধাক্কায় ছিটকে পড়লেন নারী বাইকার (ভিডিও)

image

জাতীয় অর্থনীতি ডেস্ক: রাস্তায় ছুটছে স্পোর্টস বাইক। হঠাৎ পেছন থেকে এসে ধাক্কা দিল একটি সাদা গাড়ি। মুহূর্তেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়লেন নারী বাইকার। সড়কে পড়ে গিয়েও অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন তিনি। ভারতের গুরুগ্রামের এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা। আলোচনায় সামনে আসেন অনলাইনে ‘সিয়া’ নামে পরিচিত ২৭ বছর বয়সী শিবানী চৌহান।

 

ঘটনাটি ঘটে গুরুগ্রামের গলফ কোর্স রোডের। শিবানী তার স্পোর্টস বাইক নিয়ে অন্য বাইকারদের সঙ্গে যাচ্ছিলেন। তার অভিযোগ, একটি গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এরপর গাড়িটি থামেনি বলে অভিযোগ করেন শিবানী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দুর্ঘটনার দৃশ্য ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। শিবানীর অভিযোগ, তাকে লক্ষ্য করে গাড়ি চালানো হয়েছিল। তবে অভিযুক্ত কল্যাণ বাইনসলার দাবি, ধাক্কাটি ইচ্ছাকৃত ছিল না। বাঁক নেওয়ার সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে বলে জানান তিনি।

ঘটনার পর শিবানীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গুরুগ্রাম পুলিশ। ১৫ সেপ্টেম্বর অভিযুক্ত কল্যাণ বাইনসলাকে রাজস্থানের রাজগড় থেকে গ্রেপ্তার করা হয়। পরে মামলায় হত্যাচেষ্টার ধারাও যুক্ত করা হয়। গাড়িতে থাকা তার এক আত্মীয়কেও গ্রেপ্তার করে পুলিশ।

শিবানী জানান, দিল্লি ও গুরুগ্রামের সড়কে নারী বাইকারদের উত্যক্ত করা, পিছু নেওয়া এবং ভয় দেখানোর ঘটনা প্রায়ই ঘটে। স্কুলজীবন থেকেই বাইক চালানোর প্রতি আগ্রহ তার। নিজের পরিচয় আড়াল করে সামাজিক যোগাযোগমাধ্যমে বাইক রাইডের ভিডিও প্রকাশ করতেন তিনি। দুর্ঘটনার পর শিবানীর পরিচয় প্রকাশ্যে আসে। তার অভিজ্ঞতা নতুন করে প্রশ্ন তুলেছে, সড়কে নারীদের নিরাপত্তা কতটা নিশ্চিত?  

—জা. অর্থনীতি/এলএটি