Print Date & Time : 26 October 2026 Monday 05:09 pm

গাংনীতে পানি ভর্তি বালতিতে ডুবে শিশুর মৃত্যু

image

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে অসাবধানতাবশত পানি ভর্তি বালতিতে পড়ে পলাশ আহমেদ নামে মাত্র ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ ওই গ্রামের হারুন আহমেদের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে পলাশের মা পপি খাতুন গরুকে গোসল করিয়ে বাড়ির পাশে বাঁধতে যান। এ সময় বাড়ির উঠানে খেলাধুলা করছিল শিশু পলাশ। খেলার একপর্যায়ে পলাশ টিউবওয়েলের পাশে রাখা পানি ভর্তি একটি বালতিতে পড়ে যায়। গরু বেঁধে বাড়ি ফেরার পর পপি খাতুন দেখেন পলাশ বালতির মধ্যে উপুড় হয়ে পড়ে আছে।

এ সময় বালতি থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহেল রানা পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার পথেই শিশুটির মৃত্যু হয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সার্বিক খোঁজখবর নেওয়ার পর কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

—জা. অর্থনীতি/এনজে