Print Date & Time : 28 October 2026 Wednesday 07:37 am

বিএনপি নেতার মার্কেটে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার ২

image

আল-আমিন হাসান, নিকলী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের নিকলীতে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাজী বদরুল মোমেন মিঠুর মালিকানাধীন একটি মার্কেট ও পাশের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় করা লিখিত অভিযোগের পর ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বানিয়াহাটি এলাকায় মরহুম আমির উদ্দিন আহাম্মদ এমপি মার্কেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (১৯ অক্টোবর) মার্কেটের কেয়ারটেকার মো. নয়ন তালুকদার বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে নিকলী থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগে বলা হয়, ঘটনার রাতে দেশীয় অস্ত্র নিয়ে একদল যুবক মার্কেটটিতে প্রবেশ করে বিভিন্ন দোকানের শাটার ও দরজায় কোপায়। এ সময় মার্কেটের ‘সাজ বিউটি পার্লার’সহ বন্ধ থাকা কয়েকটি দোকানে ভাঙচুর করা হয়। পাশের আব্দুল হামিদ মার্কেটের কয়েকটি দোকান এবং আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদের চেম্বারেও ভাঙচুরের অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলায় বিভিন্ন দোকানের শাটার, দরজা ও বেড়ার ক্ষতি হয়েছে। এতে আনুমানিক এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী।

লিখিত অভিযোগে রাফি (২১), অনিক (২০), সালমান (২২), উজ্জ্বল (২০), সালমান (২০), মো. নয়ন (২২) ও মামুন (২১) নামের ৭ে জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে রামদা, ছুরি, কিরিচ, চাপাতি ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ভাঙচুরের পর অভিযুক্ত ব্যক্তিরা বানিয়াহাটি গ্রামের সড়কে গিয়ে স্থানীয় বাসিন্দাদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। এ সময় কেয়ারটেকারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। ঘটনার সাক্ষী হিসেবে কয়েকজনের নামও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় কয়েকজনের দাবি, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার কারণ এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আগে থেকে কোনো অভিযোগ ছিল কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মার্কেটটির দ্বিতীয় তলায় সরকারি আবাসনসংশ্লিষ্ট একটি কার্যালয় ও একাধিক ব্যাংকের কার্যালয় রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক আহমেদ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযোগ পাওয়ার পর রাতে অভিযান চালিয়ে রাফি ও অনিক নামের ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

—জা. অর্থনীতি/এনজে