বিনোদন ডেস্ক: কর্পোরেট জীবনের বাঁধাধরা ছক ভেঙে সাইকেলে চড়ে যাযাবর জীবন বেছে নেওয়া এক ব্যক্তির অদম্য অভিযানের গল্প নিয়ে তৈরি হয়েছে প্রামাণ্যচিত্র ‘পারফেক্ট রোড’। ডেনমার্কের দুই পরিচালক অ্যাডাম বোংকে ও ক্রিশ্চিয়ান বোংকের পরিচালনায় নির্মিত এই ডকু-ড্রামাটি মর্যাদাপূর্ণ ৭০তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়ে প্রশংসিত হয়েছে।
দ্য হলিউড রিপোর্টারের খবর অনুযায়ী ছবির মূল চরিত্র ম্যাক্সিমিলিয়ান স্নেল। কয়েক বছর আগে প্যারিসের চাকরি ও স্বাচ্ছন্দ্যের জীবন ত্যাগ করে তাবু ও সাইকেল সম্বল করে ঘুরছেন ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গগুলোতে। চরম শারীরিক ও মানসিক কষ্টকে সঙ্গী করে তিনি বেছে নিয়েছেন এই জীবন। কিন্তু সঙ্গী নিনার সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ ও আধুনিক জীবনের জটিল প্রশ্ন তাকে দাঁড় করায় এক অস্তিত্ব সংকটে।
ছবিটি ধারণের তিন মাস পরিচালকদের কাটাতে হয়েছে একটি ক্যাম্পারভ্যানে করে সাইক্লিস্ট স্নেলের পিছু পিছু ঘুরে। শুটিং চলাকালে স্নেল অত্যন্ত স্পষ্ট করে দিয়েছিলেন যে, তিনি কোনো দৃশ্য পুনরায় অভিনয় করবেন না বা ক্যামেরার সুবিধার জন্য তার অভিযান এক মুহূর্তের জন্যও থামাবেন না। এমনকি পরিচালকদের কোনো খাবার বা সাহায্যের সুবিধাও তিনি গ্রহণ করেননি।
ছবিটি শুধু পাহাড়ি সৌন্দর্য ও কঠিন লড়াইয়ের চিত্র নয়। এটি আধুনিক মানুষকে নিজের জীবনের স্বাধীনতার মূল্য ও সিদ্ধান্তের ওপর পুনর্দৃষ্টি দিতে বাধ্য করে। প্রায় এক দশক তাবুতে কাটানোর পর স্নেল বর্তমানে ইতালির বোলজানোতে থিতু হলেও ‘পারফেক্ট রোড’ দর্শক মনে স্বাধীনতার এক নতুন বার্তা পৌঁছে দিচ্ছে।
জা. অর্থনীতি/এআর