Print Date & Time : 07 November 2026 Saturday 12:25 pm

ইনানীর টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ৬ নিহতের পরিচয় শনাক্ত

image

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় দগ্ধ ৫ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভ-সংলগ্ন পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের চেষ্টায় বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়। পরে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকে।

নিহতরা হলেন- ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭), নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ। তারা সবাই পর্যটক বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আহতরা হলেন- মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সবুক্তগীন মাহমুদ সোহেল জানান, আহতদের মধ্যে ৫ জন দগ্ধ হয়েছেন।

তাদের শরীরের প্রায় ৫ শতাংশ পুড়ে গেছে। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর একজন পড়ে গিয়ে আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাঠের তৈরি রিসোর্টটিতে মোট ৯টি কক্ষ ছিল। শুক্রবার রাতে তিনটি কক্ষের পর্যটকেরা চেকআউট করে চলে যান। বাকি ৬টি কক্ষে ১৬ জন পর্যটক অবস্থান করছিলেন। তাদের মধ্যে কয়েকজন সকালে বিভিন্ন কাজে রিসোর্টের বাইরে ছিলেন। আগুন লাগার পর কয়েকজন বের হতে পারলেও অন্যদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসকে কাজ করতে হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে সকাল ৮টার দিকে তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বেলা ১১টার দিকে পুরোপুরি নেভানো হয়। ঘটনাস্থল থেকে প্রথমে ৫টি মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য জানান, অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

—জা.অর্থনীতি/এনজে