বিনোদন ডেস্ক: দুর্গাপূজার মহাষ্টমীতে কলকাতার মণ্ডপে মণ্ডপে দেখা যাবে বলিউড অভিনেতা রাজকুমার রাওকে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা : দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’-র প্রচারের অংশ হিসেবে সোমবার (১৯ অক্টোবর) কলকাতায় আসছেন এই অভিনেতা। তার সঙ্গে থাকছেন খোদ মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও।
সৌরভ ও রাজকুমারের এই ‘জোড়া দাদাগিরি’ দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। টিভিনাইন বাংলার খবর, সোমবার দুপুর পৌনে তিনটার দিকে তারা দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী ম্যাডক্স স্কোয়ারের পুজোমণ্ডপে যাবেন। এছাড়া দক্ষিণ কলকাতা ও বেহালার আরও কয়েকটি জনপ্রিয় পুজোমণ্ডপে ঘুরে দর্শনার্থী ও শহরবাসীর সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নেবেন তারা।
উল্লেখ্য, বিক্রমাদিত্য মোটওয়ানের পরিচালনায় এই বায়োপিকে সৌরভের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও। ইতিমধ্যে রাজকুমারের ফার্স্ট লুক বেশ প্রশংসিত হয়েছে। আগামী বছরের ১৪ মে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। পুজোয় দুই তারকার এই উপস্থিতি বাংলা বিনোদন দুনিয়ায় বাড়তি উন্মাদনা তৈরি করেছে।
জা. অর্থনীতি/এআর