Print Date & Time : 26 October 2026 Monday 12:19 pm

চোয়াল থেকে ছাড়ানো যাচ্ছিল না! কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত ৬ মাসের শিশু

image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হরিয়ানা রাজ্যের সোনিপতে প্রতিবেশীর পোষা পিটবুল কুকুরের হামলায় গুরুতর আহত হয়েছে ছয় মাস বয়সী এক শিশু। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সোনিপতে এ ঘটনা ঘটে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, পিটবুল কুকুরটি হঠাৎ শিশুটির ওপর হামলা চালায়। এরপর শিশুটিকে কামড়ে ধরে ঝাঁকাতে থাকে।

শিশুটিকে বাঁচাতে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসেন। লাঠি, পাথর ও হাত দিয়ে কুকুরটিকে থামানোর চেষ্টা করেন তারা। দীর্ঘ চেষ্টার পর কুকুরটির মুখ থেকে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। তবে ততক্ষণে শিশুটি গুরুতর জখম হয়।

আহত শিশুটির মুখ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও আঘাতের কারণে তার অবস্থা সংকটাপন্ন। সংক্রমণের ঝুঁকি বিবেচনায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর শিশুটির পরিবার ও স্থানীয় বাসিন্দারা কুকুরটির মালিকের দায়িত্বহীনতা নিয়ে অভিযোগ তুলেছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কুকুরটির মুখে কোনো মুখবন্ধনী ছিল না এবং গলায়ও শক্ত শেকল বাঁধা ছিল না। তাঁদের অভিযোগ, নিরাপত্তাব্যবস্থা ছাড়া কুকুরটিকে বাইরে রাখার কারণেই এমন ঘটনা ঘটেছে।

এদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে কুকুরটির মালিকের বিরুদ্ধে অবহেলার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পিটবুলের মতো কুকুরের নিয়ন্ত্রণ ও আবাসিক এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে এ ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের কুকুর পালনের ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধ কঠোরভাবে কার্যকরের দাবি জানিয়েছেন।

জা.অর্থনীতি/এসআই