Print Date & Time : 14 October 2026 Wednesday 11:55 pm

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে ৫০০ কোটি টাকার চুক্তি

image

জাতীয় অর্থনীতি অনলাইন: সারাদেশে সৌরবিদ্যুতের ব্যবহারের পরিধি আরও সম্প্রসারণের লক্ষ্যে অর্থবিভাগের সাথে ৫০০ কোটি টাকার একটি ঋণচুক্তি স্বাক্ষর করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

বুধবার (১৪ অক্টোবর) অর্থবিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) অর্থবিভাগের যুগ্ম সচিব মোছা. নাজনীন সুলতানা এবং পিকেএসএফ-এর জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ড. এ কে এম নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।

এই উদ্যোগের আওতায় পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার (পার্টনার অর্গানাইজেশন) মাধ্যমে সর্বশেষ পর্যায়ের গ্রাহকদের বার্ষিক মাত্র ৬ শতাংশ সুদে ঋণ সুবিধা প্রদান করবে। এ লক্ষ্যে দেশে সৌরবিদ্যুৎ স্থাপনে অর্থায়ন সহজতর করতে এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার দ্রুত ছড়িয়ে দিতে পিকেএসএফ 'বিশেষায়িত নবায়নযোগ্য শক্তি অর্থায়ন কর্মসূচি' (রিনিউয়েবল এনার্জি ফাইন্যান্সিং প্রোগ্রাম) চালু করেছে।

যৌথ এ উদ্যোগ দেশের জ্বালানি খাতকে বহুমুখী করার পাশাপাশি—পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য বিদ্যুতের সহজলভ্যতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের সার্বিক জ্বালানি নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

একই সাথে এটি পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানির প্রসার ঘটাবে, প্রথাগত বা জীবাশ্ম জ্বালানির ওপর অতি-নির্ভরশীলতা হ্রাস করবে এবং টেকসই উন্নয়নের পথে দেশের উত্তরণ ত্বরান্বিত করতে– বেসরকারি খাতের অধিকতর অংশগ্রহণকে উৎসাহিত করবে।

—জা.অর্থনীতি/আরএস