Print Date & Time : 15 October 2026 Thursday 10:08 pm

আইসিসি র‌্যাঙ্কিংয়েও ক্যারিয়ার সেরা হাসান মাহমুদ

image

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে জয় না মিললেও দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন পেসার হাসান মাহমুদ। বুধবার প্রকাশিত আইসিসির সাপ্তাহিক র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা ৩৮তম স্থানে উঠে এসেছেন হাসান। 

আবুধাবিতে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়েন হাসান। প্রথম ইনিংসে ৫ উইকেটের পাশাপাশি ম্যাচে তিনি মোট ৬টি উইকেট শিকার করেন। তার এই ঐতিহাসিক পারফরম্যান্সের স্বীকৃতি মিলল এবার আইসিসি র‌্যাঙ্কিংয়েও।
এদিকে দুর্দান্ত বোলিং করে ১১ ধাপ এগিয়ে ৬৭তম স্থানে জায়গা করে নিয়েছেন আরেক পেসার ইবাদত হোসেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ৪ উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে ২২তম স্থানে রয়েছেন। 

অন্যদিকে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা অবস্থানে থাকা তাইজুল ইসলাম তিন ধাপ পিছিয়ে নেমে গেছেন ১৮তম স্থানে। বোলারদের শীর্ষস্থান ধরে রেখেছেন মিচেল স্টার্ক।

ব্যাটিং ক্যাটাগরিতেও বাংলাদেশি ক্রিকেটারদের উন্নতি লক্ষণীয়। আফগানদের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৩ এবং দ্বিতীয় ইনিংসে অনবদ্য সেঞ্চুরি হাঁকানো লিটন কুমার দাস ৩ ধাপ এগিয়ে যৌথভাবে ২৯তম স্থানে অবস্থান করছেন। 

এছাড়া তানজিদ হাসান ১০ ধাপ এগিয়ে উঠেছেন ৯২তম স্থানে। তবে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন এক ধাপ করে পিছিয়ে যথাক্রমে ১৮ ও ২১তম স্থানে অবস্থান করছেন। অলরাউন্ডার তালিকায় আগের মতোই তিন নম্বরে নিজের অবস্থান ধরে রেখেছেন মেহেদী হাসান মিরাজ।

জা. অর্থনীতি/এআর