Print Date & Time : 16 October 2026 Friday 03:51 am

রিয়াদের পর এবার দাম্মাম বিমানবন্দরে হুথিদের হামলা

image

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে টানা দুই দিন হামলার পর এবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের প্রধান শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। স্থানীয় সময় রবিবার সন্ধ্যার পর এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (গাকা)। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে দাম্মাম বিমানবন্দরে হওয়া এই হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

এর আগে শনিবার ও রবিবার ধারাবাহিকভাবে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথি গোষ্ঠী। এর মধ্যে রবিবার রিয়াদ বিমানবন্দরে চালানো হামলায় একজন নিহত এবং অন্তত ১১ জন আহত হন। রাজধানীর প্রধান বিমানবন্দরে হামলার রেশ কাটতে না কাটতেই দেশটির পূর্বাঞ্চলের কৌশলগত আকাশসীমায় নতুন করে এই হামলার ঘটনা ঘটল।

ভৌগোলিক ও অর্থনৈতিক দিক থেকে দাম্মাম শহরটি সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। রাজধানী রিয়াদ থেকে প্রায় ৪১০ কিলোমিটার উত্তর-পূর্বে পারস্য উপসাগরীয় উপকূলে অবস্থিত এই শহরটি মূলত দেশটির তেল ও গ্যাস শিল্পের প্রধান কেন্দ্রবিন্দু। সেখানে দেশটির বহু গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রয়েছে। তাছাড়া কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে পুরো পূর্বাঞ্চলীয় প্রদেশের প্রধান যোগাযোগ পথ হিসেবে ব্যবহৃত হওয়ায় এখানে হামলা চালানোর ঘটনাটি গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

এদিকে হামলার পর টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে রিয়াদ ও দাম্মামে হামলার আনুষ্ঠানিক দায় স্বীকার করেছেন হুথিদের শীর্ষ সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী। তিনি দাবি করেন, শনিবার থেকে রবিবার ভোর পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হুথি-নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় সৌদি-সমর্থিত বাহিনী অন্তত ১২৪টি বিমান হামলা পরিচালনা করেছে; যার প্রতিক্রিয়ায় এই বিমানবন্দরগুলোকে নিশানা করা হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে জানান, আগামী দিনগুলোতে সৌদি বিমানবন্দরগুলোতে আরও কঠোর হামলা চালানো হতে পারে। তাই সংশ্লিষ্ট বিমান সংস্থা, বিমানবন্দরের কর্মী এবং ভ্রমণকারীদের সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।
জেএ/অভি