Print Date & Time : 14 October 2026 Wednesday 12:04 am

কুষ্টিয়া সীমান্তে আবারও বিএসএফের পুশ-ইনের চেষ্টা

image

জাতীয় অর্থনীতি সারাবাংলা: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আবারও অবৈধভাবে পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সদস্যদের তীব্র বাধা ও প্রতিরোধের মুখে চারজন নাগরিককে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছে বিএসএফ।

রোববার (১১ অক্টোবর) সকালে বিজিবির অধীনস্থ দৌলতপুরের ঠোটারপাড়া বিওপির সীমান্ত ১৫৩/৯ এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৭টার দিকে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের উদয় কিষাণ ক্যাম্পের একদল সদস্য অজ্ঞাত পরিচয়ের চারজন নাগরিককে (দুইজন পুরুষ ও দুইজন নারী) জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে সীমান্তে দায়িত্বপ্রাপ্ত বিজিবি টহল দলের তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা ও কঠোর তৎপরতার কারণে বিএসএফের সেই চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়। পরবর্তীতে সকাল ৮টার পর বিএসএফ ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়।

৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এর আগেও সীমান্ত দিয়ে বিএসএফের একাধিক পুশইনের চেষ্টা বিজিবির দৃঢ় সতর্কতার কারণে ব্যর্থ হয়েছে। সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার রাখা হয়েছে এবং যেকোনো অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।  

—জা. অর্থনীতি/এলএটি