জাতীয় অর্থনীতি সারাবাংলা: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ৪ কেজি গাঁজাসহ এক কিশোরসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
রোববার (১১ অক্টোবর) দুপুরে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারকের নির্দেশে অভিযুক্ত কিশোরকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সুমন ওরফে সজল দাস (২৮) এবং মো. মোরসালিন চৌধুরী (১৪)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার পুলিশের একটি টহল দল জানতে পারে যে ময়মনসিংহগামী একটি বাসে করে মাদকের একটি চালান নিয়ে যাওয়া হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় অবস্থান নেন। বাসটি এসে থামলে তল্লাশির সময় হাতে প্লাস্টিকের ব্যাগ থাকা দুই ব্যক্তি দ্রুত নেমে পালানোর চেষ্টা চালান।
এ সময় সন্দেহ হলে পুলিশ পিছু ধাওয়া করে তাদের হাতেনাতে আটক করে। পরবর্তীতে সঙ্গে থাকা ব্যাগ দুটি তল্লাশি করে সুমনের কাছ থেকে ২ কেজি এবং মোরসালিনের কাছ থেকে আরও ২ কেজি-মোট ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ১৪ বছর বয়সী মোরসালিনকে এজাহারে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ৪ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। সীমান্ত ও আঞ্চলিক রুটে মাদক কারবার রোধে পুলিশের এ ধরনের অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে।
—জা. অর্থনীতি/এলএটি