Print Date & Time : 14 October 2026 Wednesday 09:17 am

২০২৭ সালের রমজান শুরু ৮ ফেব্রুয়ারি

image

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৭ সালের পবিত্র রমজান মাস ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, আগামী বছরের রমজান শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে, ৯ বা ১০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে।

তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর। রমজান মাস ২৯ বা ৩০ দিনের হতে পারে।

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আমিরাতের স্থানীয় সময় ১০ অক্টোবর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে অমাবস্যা হবে। সূর্যাস্তের পর এ ঘটনা ঘটবে। পরদিন ১১ অক্টোবর সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যেতে পারে। সে ক্ষেত্রে ১২ অক্টোবর থেকে হিজরি ১৪৪৮ সালের জমাদিউল আউয়াল মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে চাঁদ দেখার বিষয়ে ভিন্ন পূর্বাভাস দিয়েছে ইউনিভার্সিটি অব শারজাহর অধিভুক্ত শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাব। সংস্থাটির মতে, ১১ অক্টোবর সূর্যাস্তের পর খালি চোখে বা প্রচলিত দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে চাঁদ দেখা সম্ভব হবে না। উন্নত অ্যাস্ট্রোফটোগ্রাফি প্রযুক্তির মাধ্যমে সূর্যাস্তের আগে চাঁদটি শনাক্ত করা যেতে পারে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে কোনো কোনো দেশে ১২ অক্টোবর জমাদিউল আউয়াল মাস শুরু হতে পারে। তবে খালি চোখে বা অপটিক্যাল টেলিস্কোপে চাঁদ দেখার শর্ত অনুসরণকারী দেশগুলোতে মাসটি শুরু হতে পারে ১৩ অক্টোবর।

জা.অর্থনীতি/এসআই