Print Date & Time : 15 October 2026 Thursday 12:36 pm

বড়লেখায় পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

image

জাতীয় অর্থনীতি সারাবাংলা: মেয়ের সুখের সংসার টিকিয়ে রাখতে পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়েছিলেন। কিন্তু মেয়ের শ্বশুরবাড়িতেই প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারাতে হলো বৃদ্ধ বাবাকে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের গল্লাসাঙ্গন গ্রামের ছাতুরপাড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান (৬৮) সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গল্লাসাঙ্গন গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে কাতারপ্রবাসী মুন্না আহমদের সঙ্গে আব্দুর রহমানের মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় ও গাছ বিক্রির টাকা নিয়ে মুন্নার ভাই ওমর ফারুকের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল।

মেয়ের সংসারের এই বিরোধ মেটাতেই গত বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়িতে যান বৃদ্ধ আব্দুর রহমান। সেখানে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলাকালে একপর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ রয়েছে, কথা কাটাকাটির জেরে ক্ষিপ্ত হয়ে দেবর ওমর ফারুক দা দিয়ে সজোরে কুপিয়ে গুরুতর আহত করেন আব্দুর রহমানকে।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহের ময়নাতদন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত ওমর ফারুক পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশি চেষ্টা অব্যাহত আছে। এদিকে এ নিদারুণ হত্যাকাণ্ডে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে।

—জা. অর্থনীতি/এলএটি