Print Date & Time : 16 October 2026 Friday 05:34 am

মাছরাঙার পডকাস্টে আজকের অতিথি কনকচাঁপা

image

বিনোদন ডেস্ক: মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে হাজির হয়েছেন তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী কিংবদন্তি কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। 

সিনেমার পর্দায় সাড়ে তিন হাজারের বেশি গান উপহার দেওয়া এই গুণী শিল্পী পডকাস্টের আলাপে উন্মোচন করেছেন তার বর্ণাঢ্য ক্যারিয়ারের দারুণ সব অজানা অধ্যায়। একই দিনে পাঁচটি আলাদা স্টুডিওতে পাঁচটি গান রেকর্ডিংয়ের অবিশ্বাস্য স্মৃতি থেকে শুরু করে প্রয়াত নায়ক সালমান শাহ ও এন্ড্রু কিশোরের সঙ্গে কাজ করার রোমাঞ্চকর গল্প শুনিয়ে তিনি শ্রোতাদের নিয়ে গেছেন বাংলা গানের সেই সোনালি সময়ে।

রুম্মান রশীদ খানের সাবলীল সঞ্চালনায় মাছরাঙা টেলিভিশনের এই বিশেষ আয়োজনে কনকচাঁপা শেয়ার করেছেন নব্বই ও দুই হাজারের দশকের ব্যস্ততম দিনগুলোর স্মৃতি। 

পডকাস্টের আলাপে সংগীতাঙ্গনের বহু পুরোনো স্মৃতির পাতাও ওল্টান এই গায়িকা। রুপালি পর্দার অমর নায়ক সালমান শাহ সিনেমায় যে মাত্র দুটি গান গেয়েছিলেন, সেগুলোতে তার সহশিল্পী হওয়ার দুর্লভ সৌভাগ্যের কথা স্মরণ করেন তিনি। 
পাশাপাশি বাংলা প্লেব্যাকের সম্রাট প্রয়াত এন্ড্রু কিশোরের সঙ্গে সর্বাধিক গান রেকর্ড করার স্মৃতিচারণাও করেন কনকচাঁপা। চলচ্চিত্রের বাইরে ৪০টিরও বেশি সফল একক অ্যালবাম উপহার দেওয়া এই শিল্পীর ক্যারিয়ারের নানা অজানা গল্প ভক্তদের মনে নতুন এক নস্টালজিয়া তৈরি করেছে।

আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি। 

জা. অর্থনীতি/এআর