Print Date & Time : 16 October 2026 Friday 11:05 pm

বিক্ষোভে উত্তাল দিল্লি, ২৩ হাজার পুলিশ মোতায়েন

image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর ককরোচ জনতা পার্টির (সিজেপি) দেশব্যাপী বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। বিক্ষোভের সময় আশপাশের রাজ্যগুলোকে সতর্ক থাকতে বলেছে কর্তৃপক্ষ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, দেশটির রাজধানীতে মোট ২৩ হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ২২১টি সিএপিএফ কোম্পানি মোতায়েনের অনুমোদন দিয়েছে। এর বাইরে দিল্লি পুলিশকে আরও ১১০টি সিএপিএফ কোম্পানি দেওয়া হয়েছে।

মোতায়েন করা বাহিনীর মধ্যে রয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৮৫টি কোম্পানি, সশস্ত্র সীমা বলের (এসএসবি) ১০টি, ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের (আইটিবিপি) সাতটি, র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সাতটি এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) একটি কোম্পানি।

এ ছাড়া বিক্ষোভের সময় ২০ হাজার দিল্লি পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

জুলাইয়ে সিজেপির যন্তর মন্তরের বিক্ষোভের সময় প্রায় ১৫০টি সিএপিএফ কোম্পানি মোতায়েন করা হয়েছিল। কৃষকদের বিক্ষোভের সময় মোতায়েন করা হয়েছিল ৯৩টি কোম্পানি।

সূত্র জানিয়েছে, এসময় দিল্লির সব সীমান্তে কঠোর নজরদারি থাকবে।

সূত্র: এনডিটিভি

—জা.অর্থনীতি/জেআরটি