Print Date & Time : 03 November 2026 Tuesday 03:14 pm

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা

image

বিনোদন ডেস্ক: অবশেষে বলিউডপ্রেমীদের দীর্ঘ এক অপেক্ষার অবসান হতে যাচ্ছে! বড় পর্দায় ফিরছে বলিউডের অন্যতম আইকনিক জুটি- শাহরুখ খান এবং কারিনা কাপুর খান। দীর্ঘ পনেরো বছর পর আবারও একসঙ্গে দেখা যাবে দুজনকে! এবারের চিত্রায়ণ হবে দক্ষিণ আফ্রিকায়। 

‘কাভি খুশি কাভি গাম’ ‘অশোকা’ কিংবা ‘রা-ওয়ান’-এর পর এবার পরিচালক সিদ্ধার্থ আনন্দের আসন্ন ‘কিং’-ছবিতে হাজির হচ্ছেন বাদশা ও বেবো। ভারতীয় গণমাধ্যমের সূত্রমতে, ছবির মূল গল্পে নয়, বরং একটি স্পেশাল গানে বিশেষ ভূমিকায় পর্দা জমাতে দেখা যাবে কারিনাকে। চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন লোকেশনে শাহরুখ খানের সঙ্গে এই বিশেষ গানের শুটিংয়ে অংশ নেবেন কারিনা। ইতোমধ্যে এই রাজকীয় শুটিংয়ের জন্য পাঁচ দিনের সময় বরাদ্দ রেখেছেন অভিনেত্রী। নির্মিতব্য গানটির নাম রাখা হয়েছে- ‘ড্যাডি কুল’।

নির্মাতা সূত্র জানিয়েছে, গানটিতে শাহরুখ ও কারিনাকে এমন এক নতুন ও নজরকাড়া লুকে দেখা যাবে, বড় পর্দায় যা আগে কখনো দেখেনি দর্শক! ‘কিং’ ছবির অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে এই ‘ড্যাডি কুল’ ট্র্যাকটি। গানটিকে স্মরণীয় করে তুলতে পরিকল্পনায় কোনো কমতি রাখছেন না নির্মাতারা।

নতুন এই গানটির সুর দিয়েছেন জনপ্রিয় জুটি শচিন-জিগর। ভারতীয় একজন শিল্পীর পাশাপাশি গানটিতে একজন আন্তর্জাতিক খ্যাতনামা শিল্পীও কণ্ঠ দেবেন! যদিও চূড়ান্ত গায়কদের নাম এখনও কঠোর গোপনীয়তার আড়ালে রেখেছেন নির্মাতারা।

‘কিং’ শাহরুখের সঙ্গে কারিনার এই ধামাকা পারফরম্যান্স এবং পর্দা উপস্থিতি- সবমিলিয়ে বক্স অফিসে এক ঐতিহাসিক ঝড় তুলতে প্রস্তুত। দর্শকদের শুধু অপেক্ষা রূপালি পর্দায় শাহরুখ-কারিনা ম্যাজিক দেখার!

জা. অর্থনীতি/এআর/আরএস