Print Date & Time : 14 October 2026 Wednesday 02:02 pm

জাকারিয়া হত্যা: আসামি রনির চার দিনের রিমান্ড মঞ্জুর

image

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া খানকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি মুহিদ হাসান রণিকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মণ্ডল উভয় পক্ষের শুনানি শেষে এই রিমান্ড আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত রণি সাতক্ষীরা শহরতলীর ইটাগাছা এলাকার ফিরোজ উদ্দিনের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, কলেজছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত শনিবার ভোরে রণিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হলে আজ শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের আদেশের কপি হাতে পাওয়ার পর আসামিকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট অজয় কুমার সরকার এবং রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করেন কোর্ট সাব-ইনস্পেক্টর (সিএসআই) মাজাহারুল ইসলাম।

উল্লেখ্য, গত শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে এক চায়ের দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় যুবদল ও ছাত্রদলের একটি সংবর্ধনা অনুষ্ঠানের স্থান সংলগ্ন চায়ের দোকানদার রবিউল ইসলামের ভাতিজা বাপ্পি হাসানের সঙ্গে আসামিদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রধান আসামি নাহিদসহ কয়েকজন বাপ্পিকে মারধর শুরু করলে তাকে বাঁচাতে এগিয়ে যান সাতক্ষীরা সরকারি কলেজের এইচএসসি ফলপ্রত্যাশী শিক্ষার্থী জাকারিয়া খান। তখন আসামিরা জাকারিয়ার বুকে ও পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত জাকারিয়ার ভাই শাহরিয়ার খান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৭ জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি নাহিদ হাসান ও তার সহযোগী অমিত হাসান শিপনকে গতকাল মঙ্গলবার ভোরে কালিগঞ্জের শুইলপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।  

—জা. অর্থনীতি/এলএটি