Print Date & Time : 27 October 2026 Tuesday 05:43 am

যুক্তরাজ্যে নৌকায় পাড়ি দেওয়া প্রায় সব নারীই ধর্ষণের শিকার

image

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ।

‘দ্য রেস্ট ইজ পলিটিকস’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে মাহমুদ বলেন, যুক্তরাজ্যের সীমান্ত নিয়ন্ত্রণের একটি বড় অংশ এখন মানবপাচারকারী অপরাধী চক্রের হাতে। উত্তর ফ্রান্সে যারা ছোট নৌকায় চড়ে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন, তাদের অনেকেই যাত্রাপথে যৌন সহিংসতা, নির্যাতন ও হুমকির শিকার হন।

তিনি বলেন, এমন পরিস্থিতিতে কারা যুক্তরাজ্যে প্রবেশ করবে, তা নির্ধারণের সুযোগ অপরাধী চক্রের হাতে থাকা উচিত নয়। মানবপাচারকারীরা যত দিন অভিবাসনপ্রত্যাশীদের নিয়ন্ত্রণ করবে, তত দিন যৌন নিপীড়নকারীরাও তাদের শোষণ করবে।

সাক্ষাৎকারে মাহমুদ যুক্তরাজ্যের কট্টর ডানপন্থি বিক্ষোভকারীদেরও সমালোচনা করেন। তিনি বলেন, এসব ব্যক্তি তাকে মুসলিম হওয়ায় ব্রিটিশ মনে করেন না এবং সুযোগ পেলে তাকে হত্যা বা দেশ থেকে বের করে দিতে চাইবেন।

এদিকে ফিলিস্তিনপন্থি সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর সমর্থনে বিক্ষোভকারীদের গ্রেপ্তার নিয়েও অস্বস্তি প্রকাশ করেন মাহমুদ। তবে সংগঠনটি নিষিদ্ধ হওয়ায় আইন প্রয়োগের প্রয়োজনীয়তার কথাও স্বীকার করেন তিনি।

রিফিউজি কাউন্সিলের পরিচালক ইমরান হুসেইন বলেন, যুদ্ধ ও নিপীড়ন থেকে পালানো নারী ও শিশুরা যাত্রাপথে যৌন সহিংসতার শিকার হচ্ছেন। তাদের সুরক্ষায় নিরাপদ ও বৈধ অভিবাসনপথ আরও বাড়ানো প্রয়োজন।

জা.অর্থনীতি/এসআই