আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনায় বিমানে থাকা কেউই বেঁচে নেই।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক বাহিনীর এয়ার ফোর্স এটিআর-৪২ বিমানটি নিয়মিত মিশনের অংশ হিসেবে বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে যাচ্ছিল। স্থানীয় সময় সোমবার সকাল ৮টা ১৩ মিনিটে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রকদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নাইজেরিয়ার বিমান চলাচলমন্ত্রী ফেস্টাস কেইয়ামো দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পরে উপকূলীয় শহর ইগবোকোডার কাছে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। সেখানে উদ্ধার ও অনুসন্ধানকারী দল পাঠানো হয়।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলো টিনুবু দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এক বিবৃতিতে টিনুবু বলেন, বিমানবাহিনীর প্রধান তাকে দুর্ঘটনার বিষয়ে অবহিত করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করতে তিনি নাইজেরীয় বিমানবাহিনীকে নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে তদন্তের মাধ্যমে কারণ চিহ্নিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় ঘটে যাওয়া সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনাগুলোর একটি হিসেবে এ ঘটনাকে উল্লেখ করা হয়েছে।
জা.অর্থনীতি/এসআই