Print Date & Time : 14 October 2026 Wednesday 06:44 am

হত্যা-নিষেধাজ্ঞা চললে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অর্থ নেই

image

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ার পর বারবারই নতুন করে সংঘাত শুরু হয়েছে। ফলে এমন একটি দেশের সঙ্গে আলোচনার কোনো অর্থ নেই, যারা নিয়মিত হত্যাকাণ্ড, নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের পাশাপাশি নিজেদের প্রতিশ্রুতিও লঙ্ঘন করে।

সোমবার (৫ অক্টোবর) সাংবাদিকদের পেজেশকিয়ান বলেন, ইরান তার পারমাণবিক কার্যক্রম নিয়ে বারবার নিজেদের সদিচ্ছার প্রমাণ দিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মাধ্যমে সবচেয়ে বিস্তৃত পরিদর্শনও সম্পন্ন করেছে তেহরান।

তিনি বলেন, প্রতিবার আইএইএর পরিদর্শকেরা ইরানে এলে দেশটির পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের চিহ্নিত করা হয়েছে। এরপর ওই স্থাপনাগুলোতে হামলা চালানো এবং বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে।

পেজেশকিয়ান আরও বলেন, যে শত্রু প্রতিদিন হত্যাকাণ্ড চালায়, নিষেধাজ্ঞা আরোপ করে এবং চাপ সৃষ্টি করে, পাশাপাশি নিজেদের প্রতিশ্রুতিও ভঙ্গ করে, তার সঙ্গে আলোচনার কোনো যুক্তি নেই।

এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদোল্লাহি বলেছেন, যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় তেহরান প্রস্তুত। ইরানের বিরুদ্ধে নতুন কোনো যুদ্ধ শুরু হলে তার প্রভাব সব পক্ষের ওপর পড়বে বলেও সতর্ক করেন তিনি।

অন্যদিকে জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যের দিকে দীর্ঘমেয়াদি মোতায়েনের জন্য এগিয়ে যাচ্ছে। একই সময়ে ইউএসএস মাকিন আইল্যান্ড অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপের সঙ্গে প্রায় ২ হাজার ২০০ মেরিন ও অন্যান্য সদস্য এবং তিনটি জাহাজে প্রায় ২ হাজার নাবিক রয়েছে।

জা.অর্থনীতি/এসআই