আন্তর্জাতিক ডেস্ক: একসময় ছেলেকে গেমিংয়ের নেশা থেকে দূরে রাখতে সাইবার ক্যাফে থেকে টেনে বাড়ি নিয়ে আসতেন। সেই তিনিই এখন নিজে একজন জনপ্রিয় গেমিং লাইভস্ট্রিমার। চীনের গুয়াংডং প্রদেশের মেইঝৌয়ের ৬০ বছর বয়সি ঝং হুয়ানহুয়ান, অনলাইনে ‘আন্টি হুয়ান’ নামে পরিচিত।
সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে ছেলের গেমিংয়ের প্রতি আগ্রহ বুঝতে গিয়ে নিজেই গেম খেলা শুরু করেন ঝং। তার ছেলে সুওদে তখন করোনাভাইরাস মহামারির কারণে চাকরি ছেড়ে বাড়িতে গেম খেলতেন। ছেলেকে গেমিংয়ে ব্যস্ত থাকতে দেখে প্রায় দুই দশক আগের ঘটনা মনে পড়ে যায় ঝংয়ের। সে সময় মাধ্যমিক পড়ুয়া ছেলেকে গেমিং থেকে বিরত রাখতে তিনি প্রায়ই সাইবার ক্যাফেতে গিয়ে তাকে বাড়ি নিয়ে আসতেন।
তবে পরে ছেলের কাছেই গেম খেলা শেখার আগ্রহ প্রকাশ করেন ঝং। শুরুতে ক্ষীণ দৃষ্টিশক্তি ও ধীর প্রতিক্রিয়ার কারণে নানা সমস্যায় পড়লেও নিয়মিত অনুশীলন চালিয়ে যান। ২০২২ সালে শুরু করেন গেমিংয়ের লাইভস্ট্রিম।
বর্তমানে দিনে দুবার লাইভস্ট্রিম করেন ঝং। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুসারীর সংখ্যা ৫ লাখ ২৭ হাজারের বেশি। গেমপ্লে রয়েছে ৮ হাজার ঘণ্টারও বেশি। ২০২৪ সালের ডিসেম্বরে ‘কাউন্টার-স্ট্রাইক: গ্লোবাল অফেনসিভ’-এর একটি অনলাইন প্রদর্শনী ম্যাচে অংশ নিয়ে আরও পরিচিতি পান তিনি। ওই ম্যাচে ১৭ বছর বয়সি এক প্রতিপক্ষকে পরাজিত করে দর্শকদের নজর কাড়েন ‘আন্টি হুয়ান’। গেমিংয়ের মাধ্যমে তাঁর আয়ও আগের তুলনায় প্রায় ১০ গুণ বেড়েছে বলে জানা গেছে।
জা.অর্থনীতি/এসআই