Print Date & Time : 15 October 2026 Thursday 03:35 am

খুলনার কাছে ইনিংস ব্যবধানে বরিশালের হার

image

স্পোর্টস ডেস্ক: এনসিএল প্রথম রাউন্ডের তৃতীয় দিনেই জয়ের দেখা পেল খুলনা বিভাগ। ব্যাটিং ব্যর্থতায় বরিশাল দল ইনিংস ও ১৩৫ রানের বড় হার দিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের মৌসুম শুরু করেছে। 

তৃতীয় দিনে আজ বরিশালের দ্বিতীয় ইনিংস থেমেছে ১৯৭ রানে। ফলে প্রথম ইনিংসে ৩৩২ রানের লিড নেওয়া খুলনা জয় পেয়েছে ইনিংস ব্যবধানে।

গতকাল ২ উইকেটে ৪৩ রান নিয়ে দিন শেষ করেছিল বরিশাল। তৃতীয় দিনের শুরুতেই আজ খুলনার বোলারদের সামনে খুব বেশি সুবিধা করতে পারেনি বরিশালের ব্যাটাররা। বরিশালের হয়ে হাফিজুর রহমান সর্বোচ্চ ৯১ রান করেন। ৪৩ রান এসেছে রাফসান আল মাহমুদের ব্যাট থেকে। মোহাম্মদ সালমান হোসেন ইমন করেন ২৭ রান। শেষ পর্যন্ত ১৯৭ রানেই শেষ হয়ে যায় বরিশালের ইনিংস।

খুলনার বোলারদের মধ্যে সবচেয়ে সফল সফর আলী। একাই ৪ উইকেট নিয়েছেন তিনি। শেখ পারভেজ জীবন পেয়েছেন ৩ উইকেট। সামিউন বশির রাতুল ২টি এবং আফিফ হোসেন ধ্রুব ১টি উইকেট নিয়েছেন।

এর আগে প্রথম ইনিংসে ৪২৬ রানের বড় পুঁজি পেয়েছিল খুলনা। জবাবে মাত্র ৯৪ রানে অলআউট হয়ে যায় বরিশাল। ৩৩২ রানের লিড নিয়ে বরিশালকে ফলোঅন করায় খুলনা। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ভালো হয়নি বরিশালের। শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল।

—জা.অর্থনীতি/আরএস