Print Date & Time : 08 November 2026 Sunday 12:44 am

গুলির ক্ষত সারাতে মধু ব্যবহার করতেন লস্কর কমান্ডার মুসা

image

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মীরের জঙ্গলে আত্মগোপনে থাকা অবস্থায় গুলির ক্ষত সারাতে খাঁটি মধু ব্যবহার করতেন লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার মোহাম্মদ আসিফ ওরফে হাসিম মুসা। রবিবার (৪ অক্টোবর) কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তাদের দাবি, ২০২৫ সালের পাহেলগাম হামলার অন্যতম মূলহোতা ছিলেন মুসা। তিনি ওই অঞ্চলে লস্কর-ই-তৈয়বার প্রধান অপারেশনাল কমান্ডার হিসেবেও পরিচিত ছিলেন। চলতি সপ্তাহের শুরুতে জম্মু-কাশ্মীরের বুদগাম জেলার উচ্চ পার্বত্য এলাকায় ভারতীয় সেনাবাহিনীর অভিযানে তিনি নিহত হন।

নিরাপত্তা বাহিনীর অভিযানের কারণে চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ না থাকায় মুসা নিজের গুলিবিদ্ধ ক্ষত সারাতে মধু ব্যবহার করতেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। তার সহযোগী ইয়াসিরের ফোন থেকে উদ্ধার করা ছবিতে মুসার শরীরে মধু লাগানো ক্ষতের ছবি পাওয়া গেছে। কর্মকর্তাদের মতে, ওই ছবিগুলো পাকিস্তানে থাকা তার হ্যান্ডলারদের কাছে পাঠানো হয়েছিল। পরে মুসার চিকিৎসায় ব্যবহারের জন্য খাঁটি মধুর ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়।

কর্মকর্তারা আরও জানান, ‘অপারেশন শেরুওয়ালি’র সময় রাজৌরির দোরিমাল-গম্ভীর মোগলা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মুসা আহত হন। এরপর তিনি জম্মু-কাশ্মীরের বনাঞ্চলে আত্মগোপন করেন।

মুসা পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিসেস গ্রুপের (এসএসজি) সাবেক কমান্ডো ছিলেন বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

জা.অর্থনীতি/এসআই