Print Date & Time : 14 October 2026 Wednesday 08:43 am

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, বন্ধ প্রায় ৫০০ স্কুল

image

আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সংকট, অতিরিক্ত শিক্ষার্থীপূর্ণ শ্রেণিকক্ষ ও জরাজীর্ণ স্কুল ভবনের প্রতিবাদে ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ ও বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনায় সোমবার দেশটির প্রায় ৫০০টি উচ্চ বিদ্যালয় আংশিক বা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

ফরাসি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এদোয়ার্ড জেফ্রে জানিয়েছেন, নিরাপত্তার অভাবে ৪০০ থেকে ৫০০টি উচ্চ বিদ্যালয়ে পাঠদান আংশিক বা সম্পূর্ণ স্থগিত থাকবে। বিক্ষোভ শুরুর পর ২৪টি স্কুলে অগ্নিসংযোগ বা ভাঙচুরের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

গত সপ্তাহ থেকে প্যারিসের পাশাপাশি মন্টপিলিয়ার, নঁতে ও মার্সেইয়ের মতো বড় শহরগুলোতে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছে। দেশটির প্রায় ৩ হাজার ৭০০টি স্কুলের মধ্যে ৭৩৫টি কোনো না কোনোভাবে সহিংস বিক্ষোভে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ফরাসি বিচারমন্ত্রী জেরাল্ড ডারমানিন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত স্কুলগুলোতে পর্যায়ক্রমে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এদিকে বিক্ষোভে ৭৮ জন শিক্ষা কর্মী আহত হয়েছেন। আন্দোলন শুরুর পর এখন পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের প্রায় ৮৫ শতাংশই অপ্রাপ্তবয়স্ক।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু স্কুলের সুযোগ-সুবিধা উন্নয়ন, সময়সূচি পুনর্বিন্যাস এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্ল্যাটফর্ম আরও স্বচ্ছ করার উদ্যোগের কথা জানিয়েছেন। মঙ্গলবারও বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে আন্দোলনকারীরা।

জা.অর্থনীতি/এসআই