Print Date & Time : 14 October 2026 Wednesday 07:34 am

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত

image

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর বাইপাস সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও এক বৃদ্ধাসহ ৭ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই অটোরিকশার আরোহী বলে জানা গেছে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

আজ শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কের গণ্ডপা (গন্দ্রপা) এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জামালপুর থেকে ঢাকাগামী ‘রাজীব পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস বাইপাস সড়ক অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মুক্তাগাছাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। বাসের প্রচণ্ড ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা ৭ জন যাত্রীর মৃত্যু হয়।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও কোতোয়ালী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শেষ করে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

দুর্ঘটনায় নিহত ৭ জনের মধ্যে একই পরিবারের ৪ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তারা হলেন- জামালপুর জেলা সদরের দড়ি হামিদপুর গ্রামের ৫ বছরের শিশু মিনান (পিতা: কবির হোসেন), রাশিদা বেগম (৮০, স্বামী: মৃত মাজুম আলী), মর্জিনা (২৫, পিতা: মোফাজ্জল হোসেন লেবু মিয়া) এবং মোফাজ্জল হোসেন লেবু মিয়া (৫৪)। বাকি ৩ জনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন ও কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ঘটনার পরপরই ঘাতক রাজীব পরিবহনের বাস ও দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর বাইপাস সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও উদ্ধারকাজ শেষে বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

—জা. অর্থনীতি/এলএটি