Print Date & Time : 23 October 2026 Friday 04:57 pm

চীনের হুমকি মোকাবিলায় তাইওয়ানে পৌঁছাল নতুন এফ-১৬ভি যুদ্ধবিমান

image

আন্তর্জাতিক ডেস্ক: চীনের সামরিক চাপ মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে নতুন এফ-১৬ভি যুদ্ধবিমান হাতে পেল তাইওয়ান। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্ডার করা ৬৬টি এফ-১৬ভি ব্লক-৭০ যুদ্ধবিমানের প্রথম দুটি শুক্রবার (০২ অক্টোবর) তাইওয়ানে পৌঁছেছে।

কয়েক মাসের বিলম্বের পর বিমান দুটি তাইতুংয়ের ছিহাং বিমানঘাঁটিতে অবতরণ করে। তাইওয়ানের পার্বত্য পূর্ব উপকূলে অবস্থিত এই ঘাঁটিতে স্থানীয় সময় দুপুরে বিমান দুটি পৌঁছায়। হাওয়াই ও গুয়াম হয়ে এগুলো তাইওয়ানে আসে।

তাইওয়ানের বিমানবাহিনীকে প্রায় প্রতিদিনই চীনের সামরিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও মোকাবিলায় যুদ্ধবিমান পাঠাতে হয়। এর মধ্যেই নতুন এফ-১৬ভি যুদ্ধবিমানগুলো দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে বলে আশা করা হচ্ছে।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন। তবে স্বশাসিত দ্বীপটি নিজেদের গণতান্ত্রিক সরকারব্যবস্থা বজায় রেখেছে। তাইপেই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্ডার করা বিভিন্ন অস্ত্র সরবরাহে বিলম্বের অভিযোগ করে আসছে। যুক্তরাষ্ট্র তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থক ও অস্ত্র সরবরাহকারী।

তাইওয়ানে নতুন বিমান পৌঁছানোর সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তাইপেইকে অস্ত্র সরবরাহে কতটা প্রতিশ্রুতিবদ্ধ, তা নিয়ে দেশটির মধ্যে উদ্বেগও বাড়ছে। যদিও ওয়াশিংটন জানিয়েছে, এ বিষয়ে তাদের নীতিতে কোনো পরিবর্তন হয়নি।

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু শুক্রবার পার্লামেন্টে সাংবাদিকদের বলেন, শিগগিরই আরও নতুন এফ-১৬ভি যুদ্ধবিমান দেশে পৌঁছাবে।

সূত্র : রয়টার্স

—জা.অর্থনীতি/জেআরটি