Print Date & Time : 08 November 2026 Sunday 11:23 am

আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

image

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দৌলজোর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তঃনগর ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেনটি লালমনিরহাট স্টেশন অতিক্রম করে আদিতমারী স্টেশনের দিকে যাচ্ছিল। ট্রেনটি দৌলজোর এলাকায় পৌঁছালে ওই নারীকে রেললাইনের ওপর বসে থাকতে দেখা যায়। ট্রেনের চালক বারবার সতর্কতামূলক হুইসেল বাজালেও ওই নারী রেললাইন থেকে সরে যাননি। একপর্যায়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে উপস্থিত স্থানীয় জনতা তার নাম-পরিচয় শনাক্ত করতে পারেননি।

সংবাদ পেয়ে আদিতমারী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে লালমনিরহাট রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ এসে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি জানান, খবর পেয়ে আদিতমারী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে শৃঙ্খলা বজায় রাখে। বিষয়টি রেলওয়ে থানা-পুলিশকে অবহিত করা হলে তারা লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

রেলওয়ে পুলিশ জানায়, নিহত নারীর পরিচয় শনাক্ত করতে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিসহ প্রয়োজনীয় অনুসন্ধান চালানো হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

—জা. অর্থনীতি/এলএটি