Print Date & Time : 26 October 2026 Monday 12:03 pm

রিয়াদমুখী হুথিদের ২ ড্রোন ভূপাতিত: সৌদি জোট

image

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ড্রোন রাজধানী রিয়াদের দিকে যাওয়ার সময় সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

শনিবার জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, হুথি মিলিশিয়াদের ছোড়া দুটি ড্রোন রিয়াদ অভিমুখে যাওয়ার সময় শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জোটের মুখপাত্র আরও জানান, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করেছে। শহরটিতে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রয়েছে।

হুথিরা ইয়েমেনে ইরান-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী হিসেবে পরিচিত। অতীতেও তারা সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

এদিকে, হুথি রাজনৈতিক ব্যুরোর সদস্য হেজাম আল-আসাদ শনিবার এক বিবৃতিতে বলেন, অভিযানের শক্তি, ব্যাপ্তি ও প্রভাব সত্ত্বেও তাদের বাহিনী এটিকে কেবল একটি ‘সীমিত পরিসরের মহড়া’ হিসেবে দেখছে।

তিনি বলেন, এই অভিযানের মাধ্যমে আরও বড় ধরনের আঘাত হানার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জা.অর্থনীতি/এসআই