Print Date & Time : 07 November 2026 Saturday 04:22 am

বাংলাদেশ পুলিশ ও গ্রামীণফোনের ১০ বছরের চুক্তি

image

নিজস্ব প্রতিবেদক: প্রযুক্তিনির্ভর আধুনিক সেবা নিশ্চিতকরণ এবং ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১০ বছরের এক দীর্ঘমেয়াদি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ পুলিশ ও গ্রামীণফোন। এই চুক্তির মূল লক্ষ্য হলো তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের অভ্যন্তরীণ যোগাযোগ আরও গতিশীল করা এবং জনগণের জন্য নির্ধারিত ডিজিটাল সেবাসমূহ নিরবচ্ছিন্ন রাখা।

চুক্তির আনুষ্ঠানিক শর্তানুযায়ী, বাংলাদেশ পুলিশের অফিশিয়াল মোবাইল নম্বর সিরিজ (০১৩২০০০০০০০ থেকে ০১৩২০২৯৯৯৯৯) এবং প্রাতিষ্ঠানিক প্রয়োজনভিত্তিক বিভিন্ন সল্যুশন নম্বরের যাবতীয় সংযোগ সেবা পরিচালনা করবে গ্রামীণফোন। এর পাশাপাশি সাধারণ মানুষের জন্য চালু থাকা ‘অনলাইন জিডি’ ব্যবস্থা এবং অপরাধ তদন্তে ব্যবহৃত অন্যতম প্রধান ডাটাবেজ ‘ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম’ (সিডিএমএস)-এর মতো গুরুত্বপূর্ণ প্লাটফর্মগুলোর নিরবচ্ছিন্ন কার্যকারিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় আধুনিক ডাটা সংযোগ ও সংশ্লিষ্ট কারিগরি সহায়তা দেবে এই অপারেটরটি।

সম্প্রতি পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই দ্বিপক্ষীয় চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়। বাংলাদেশ পুলিশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অ্যাডিশনাল ডিআইজি (হেডকোয়ার্টার্স) মোহাম্মদ শরীফ উদ্দিন এবং গ্রামীণফোনের প্রতিনিধিত্ব করেন ল এনফোর্সমেন্ট এজেন্সিজ বিজনেসের প্রধান হেলাল উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান। এছাড়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশের দায়িত্ব পালন করার পদ্ধতি প্রতিনিয়ত আধুনিক হচ্ছে। এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে নির্ভরযোগ্য প্রযুক্তি ও ডিজিটাল সংযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গ্রামীণফোনের সাথে দীর্ঘমেয়াদি এই চুক্তি পুলিশের প্রাতিষ্ঠানিক যোগাযোগ সহজ করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং জোরদার করতে ভূমিকা রাখবে।

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান জানান, আধুনিক প্রযুক্তিকে দায়িত্বশীলভাবে ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় সঙ্গী হওয়া গ্রামীণফোনের একটি অন্যতম লক্ষ্য। শক্তিশালী নেটওয়ার্ক সংযোগ দিয়ে পুলিশের কাজের গতি বৃদ্ধি এবং নিরাপত্তা সংক্রান্ত ডিজিটাল কাঠামোর নিরাপত্তা নিশ্চিত করাই এই পার্টনারশিপের মূল উদ্দেশ্য।