Print Date & Time : 28 October 2026 Wednesday 04:59 am

‘ট্রাম্প টিভি’ চালু করলো হোয়াইট হাউস

image

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরোনো ভাষণ, জনসমক্ষে দেওয়া বক্তব্য এবং প্রশাসনের বিভিন্ন ঘোষণা ও সাম্প্রতিক তথ্য নিয়ে ২৪ ঘণ্টার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্রাম্প টিভি’ চালু করেছে হোয়াইট হাউস।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় প্ল্যাটফর্মটির সম্প্রচার শুরু হয়। হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘ট্রাম্প টিভি’ এখন সরাসরি সম্প্রচারে রয়েছে। এখানে ২৪ ঘণ্টা হালনাগাদ তথ্যের পাশাপাশি ট্রাম্পের গুরুত্বপূর্ণ পুরোনো মুহূর্ত, প্রশাসনের ঘোষণা ও সাম্প্রতিক কার্যক্রম এক জায়গায় তুলে ধরা হবে।

উদ্বোধনের সময় ট্রাম্পের বিভিন্ন সময়ের জনসমক্ষে দেওয়া বক্তব্য ও অনুষ্ঠানের ভিডিও সম্প্রচার করা হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তার শপথ গ্রহণের ফুটেজও ছিল।

হোয়াইট হাউস ও কয়েকটি বড় সংবাদমাধ্যমের মধ্যে প্রেস অ্যাক্সেস নিয়ে বিরোধের মধ্যেই নতুন এই প্ল্যাটফর্ম চালু হলো। এর আগে সোমবার সিএনএন, পলিটিকো ও এমএস নাওয়ের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্তের বিরুদ্ধে তিনটি প্রতিষ্ঠান ফেডারেল আদালতে মামলা করে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এ নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নেন। তিনি বলেন, সংবাদমাধ্যমের ন্যায্যভাবে খবর প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে এবং যেসব প্রতিষ্ঠানকে তিনি ‘ভুয়া খবর’ প্রকাশের জন্য অভিযুক্ত করেন, তাদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার না দেওয়ার অধিকার তার রয়েছে।

অন্যদিকে, সিএনএন, এমএস নাও ও পলিটিকো বলছে, সংবাদ প্রকাশের ধরন বিবেচনায় নিয়ে কোনো সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশাধিকার নির্ধারণ করা উচিত নয়।

এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন ট্রাম্প।

জা.অর্থনীতি/এসআই