নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে ফারুক হোসেন (৪০) নামের এক চার্জার ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের সাবাইহাট সিন্দুরপানিয়া সেতুতে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফারুক হোসেন প্রতিবেশী রাজশাহীর বাগমারা উপজেলার মঙ্গলপুর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। তিনি পেশায় চার্জার ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে সাবাইহাট সেতুর ওপর দিয়ে চার্জার ভ্যান নিয়ে যাওয়ার সময় ‘গীতা পরিবহন’ নামে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ভ্যানটিকে বেপরোয়া গতিতে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক ফারুক। দুর্ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি জানান, "বাসের চাকায় পিষ্ট হয়ে নিহতের মরদেহের নিচের অংশ মারাত্মকভাবে থেঁতলে গেছে। খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে মহাসড়ক থেকে লাশ উদ্ধার করেছে। ঘাতক বাস ও এর চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
—জা. অর্থনীতি/এলএটি