Print Date & Time : 07 November 2026 Saturday 11:29 pm

নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান মামদানির

image

আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ এবং ফিলিস্তিনিদের ওপর ‘ভয়াবহ গণহত্যার মূলহোতা’ হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের পক্ষে মত দিয়েছেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউইয়র্কে বৈঠকের পর সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি এসব কথা বলেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মামদানি বলেন, আইসিসি কোনো ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তা সম্মান করা উচিত। তার ভাষ্য, আইনের জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ থাকতে পারেন না। ট্রাম্পের সঙ্গে বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা উচিত বলেও মন্তব্য করেন মামদানি। তবে এর আগে তিনি স্বীকার করেছেন, নিউইয়র্কের মেয়র হিসেবে আইসিসির ওই পরোয়ানা নিজ ক্ষমতায় কার্যকর করার স্বাধীন আইনি কর্তৃত্ব তার নেই।

২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। গাজা যুদ্ধের সময় কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ পরোয়ানা জারি করা হয়। তবে ইসরায়েল এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আগামী বৃহস্পতিবার বক্তব্য দেওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর। তিনি ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছে ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর ২৫ সেপ্টেম্বর ইসরায়েলে ফেরার কথা রয়েছে।

ট্রাম্পের সঙ্গে বৈঠকে মামদানি অভিবাসন আইন প্রয়োগ ও নিউইয়র্কে বহুমূল্যের আবাসন প্রকল্পসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বৈঠকের পর ট্রাম্প মেয়র হিসেবে মামদানির কাজের প্রশংসা করেন। মামদানিও শহরের বাসিন্দাদের প্রয়োজনীয় সহযোগিতা পেতে প্রেসিডেন্টের সঙ্গে সংলাপ অব্যাহত রাখার কথা জানান।

জা.অর্থনীতি/এসআই