Print Date & Time : 14 October 2026 Wednesday 08:47 pm

অভিষেকেই বিধ্বস্ত হকির মেয়েরা

image

এশিয়ান গেমসের নারী হকিতে যাত্রাটা সুখকর হলো না বাংলাদেশের মেয়েদের। ঐতিহাসিক অভিষেক ম্যাচেই পরাশক্তি চীনের শক্ত চ্যালেঞ্জের মুখে পড়ে ১৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী হকি দল।

 

জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে 'পুল এ'-এর এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে চীন। শক্তিশালী প্রতিপক্ষের গতি ও কৌশলগত আক্রমণের সামনে বাংলাদেশের রক্ষণভাগ ছিল একেবারেই দিশেহারা। ম্যাচের প্রথম কোয়ার্টার থেকে শেষ কোয়ার্টার পর্যন্ত আক্রমণের ধার বজায় রেখে নিয়মিত বিরতিতে গোল উৎসব করেছে চায়নিজ ফরোয়ার্ডরা। ম্যাচের শুরুতেই ৪ মিনিটে গোল করে চীনকে এগিয়ে নেন ঝোং জিয়াছি, যিনি পরে ১৩ ও ২৯ মিনিটে গোল করে নিজের অসাধারণ হ্যাটট্রিক সম্পন্ন করেন।

 

চীনের হয়ে জোড়া গোল করেন চেন ইয়াং (১২ ও ১৮ মিনিট), জোউ মেইরং (৩৮ ও ৫১ মিনিট) এবং চেন ই (৪১ ও ৫৭ মিনিট)। এছাড়া লি হং, ঝাং ইিং, মা নিং এবং ইয়াং লিউ ১টি করে গোল করে দলের এই বিশাল জয় নিশ্চিত করেন। ম্যাচের ৪ মিনিট থেকে ৫৭ মিনিট পর্যন্ত অলআউট আক্রমণ চালিয়ে বাংলাদেশকে কোনো প্রকার প্রতিরোধ গড়ে তোলার সুযোগই দেয়নি টুর্নামেন্টের অন্যতম দাবিদার দলটি।

 

অন্যদিকে পুরো ম্যাচজুড়ে কেবল প্রতিপক্ষের একের পর এক আক্রমণ ঠেকানো ও রক্ষণভাগ সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে বাংলাদেশের লাল-সবুজ প্রতিনিধিদের। পুরো ৬০ মিনিটে প্রতিপক্ষের গোলমুখে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি দল, ফলে মেলেনি কোনো সান্ত্বনাসূচক গোলও। উল্টো ম্যাচের শেষ মুহূর্তে ৬০ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন বাংলাদেশের খেলোয়াড় কণা আক্তার।

 

ছেলেদের হকিতে প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় মেয়েদের শুরুটাও হতাশাজনক হলেও এশিয়ান গেমসে নারী দলের এই অংশগ্রহণ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই ধাক্কা ভুলে 'পুল এ'-তে বাংলাদেশের দৃষ্টি এখন পরবর্তী ম্যাচের দিকে, যেখানে তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া।