Print Date & Time : 26 October 2026 Monday 02:49 pm

হরমুজ়ের কাছে এলপিজি ট্যাঙ্কারে ড্রোন হামলা, অক্ষত ১৯ নাবিক

image

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ় প্রণালির কাছে লাইবেরিয়ার পতাকাবাহী একটি এলপিজি ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে হামলায় জাহাজে থাকা ১৯ নাবিকের কেউ হতাহত হননি। তাদের মধ্যে ৯ জন ভারতীয় ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ‘ডিরেক্টরেট অব মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন’-এর রিপোর্টে রবিবার হরমুজ় প্রণালির পূর্বমুখী এলাকায় হামলার বিষয়টি উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শিকার জাহাজটির নাম এমটি আল মারিয়াহ। লাইবেরিয়ার পতাকাবাহী এই এলপিজি ট্যাঙ্কারে ১৯ জন নাবিক ছিলেন। ড্রোন হামলার পরও জাহাজটির বিদ্যুৎ সরবরাহ সচল ছিল। ইঞ্জিনেরও কোনো ক্ষতি হয়নি। পরে জাহাজটিকে দ্রুত ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে এটি সংযুক্ত আরব আমিরাতের খোর ফাকান অঞ্চলে অবস্থান করছে। তবে হামলার নেপথ্যে কারা রয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের কারণে হরমুজ় প্রণালিতে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে জ্বালানি ও পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ এই জলপথে নিরাপত্তা এবং বিমা ব্যয়ও বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরান হরমুজ় প্রণালির ওপর নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান, প্রণালিটির ওপর ইরানের একচেটিয়া অধিকার থাকতে পারে না।

গত কয়েক মাসে এই জলপথে একাধিক জাহাজ হামলার শিকার হয়েছে। গত জুলাইয়ে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই হামলায় এক ভারতীয় নাবিক নিহত হন। এর আগে ভারতীয় নাবিক থাকা আরও কয়েকটি জাহাজে হামলার ঘটনা ঘটে।

জা.অর্থনীতি/এসআই