Print Date & Time : 07 November 2026 Saturday 02:52 am

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা

image

অনলাইন ডেস্ক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বিগত অর্থবছরের লভ্যাংশের নির্ধারিত অংশ হিসেবে ছয়টি প্রতিষ্ঠান মোট ১৩ কোটি ৭৩ লাখ টাকা জমা দিয়েছে।

বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে তার কার্যালয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা এসব অর্থের চেক হস্তান্তর করেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার উপস্থিত ছিলেন।

জমা দেওয়া অর্থের মধ্যে ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড ৪ কোটি ৭৩ লাখ টাকা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৪ কোটি ২৫ লাখ টাকা এবং সিটিব্যাংক এন এ ৩ কোটি টাকা দিয়েছে। এ ছাড়া নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড ১ কোটি ৩১ লাখ, নুভিস্তা ফার্মা পিএলসি ২৭ লাখ এবং সাইনোভিয়া ফার্মা পিএলসি ৮ লাখ টাকা জমা দিয়েছে।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, স্থানীয় ও বহুজাতিক কোম্পানিগুলোকে বছর শেষে তাদের মুনাফার ৫ শতাংশের এক-দশমাংশ শ্রমিকদের কল্যাণে গঠিত এই তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে।

চেক গ্রহণকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক শ্রমিকদের কল্যাণ, দুস্থ ও অসুস্থ শ্রমিকদের চিকিৎসা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি নিয়মিতভাবে লভ্যাংশের নির্ধারিত অংশ তহবিলে জমা দেওয়ায় ছয়টি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে অন্যান্য কোম্পানিকেও আইন অনুযায়ী তাদের নির্ধারিত অংশ তহবিলে জমা দেওয়ার আহ্বান জানান।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জা.অর্থনীতি/এসআই