Print Date & Time : 26 October 2026 Monday 11:50 am

সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

image

অনলাইন ডেস্ক: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ অঞ্চলের দেশগুলোর জনগণের যৌথ কল্যাণে সার্ককে আবার সক্রিয় করার বিষয়ে ভুটানের সমর্থন প্রত্যাশা করেছে ঢাকা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সংক্ষিপ্ত যাত্রাবিরতিকালে বাংলাদেশের পক্ষ থেকে এ সহযোগিতা চাওয়া হয়।

ভুটানের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় তারা একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

সংক্ষিপ্ত আলাপকালে বাংলাদেশের দুই মন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান। একই সঙ্গে তারা সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে ভুটানের সমর্থন কামনা করেন।

আলোচনায় ভুটানের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ (জিএমসি) উন্নয়নেও বাংলাদেশের আগ্রহের কথা জানানো হয়। বিশেষ করে পেশাজীবী এবং দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি সরবরাহের মাধ্যমে এই উন্নয়ন কার্যক্রমে অবদান রাখার আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের মন্ত্রীরা।

এ ছাড়া বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম দেশ হিসেবে ভুটানের স্বীকৃতি দেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে গড়ে ওঠা দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন তারা।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জার্মানির উদ্দেশে রওনা হওয়ার আগে ভুটানের প্রধানমন্ত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।

জা.অর্থনীতি/এসআই