Print Date & Time : 07 November 2026 Saturday 04:50 pm

বিদ্যুৎস্পৃষ্ট নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির

image

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ১০ বছরের শিশু নাতিকে বাঁচাতে গিয়ে বাতাসী বেওয়া (৫৫) নামে এক বৃদ্ধা দাদির মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশু নাতি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টার দিকে উপজেলার নান্দিনা সংলগ্ন পূর্ব শ্যামপুর এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাতাসী বেওয়া পূর্ব শ্যামপুর গ্রামের মৃত সিদ্দিক পাঠানের স্ত্রী। আহত শিশু তামীম (১০) একই গ্রামের মুছা পাঠানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিশু তামীম ঘরের ভেতরের একটি স্টিলের শোকেস সরানোর কাজ করছিল। এ সময় ঘরের একপাশে ঝুলানো জিআই তার ও ছিঁড়ে থাকা বৈদ্যুতিক ফাঁদ তারের স্পর্শে পুরো শোকেসটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তামীম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার শুরু করলে ঘরের ভেতর থাকা দাদি বাতাসী বেওয়া তাকে বাঁচাতে দ্রুত হাত বাড়িয়ে ধরে টেনে সরাতে চেষ্টা করেন। এতে বাতাসী বেওয়া নিজেও মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে পরিবারের সদস্যরা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বাতাসী বেওয়াকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। আহত তামীমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ওসি জানান, "খবর পাওয়ার পরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘরের আসবাবপত্র সরানোর সময় দুর্ঘটনাটি ঘটে। কোনো অভিযোগ না থাকায় ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"

—জা. অর্থনীতি/এলএটি