Print Date & Time : 23 October 2026 Friday 05:10 pm

বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির

image

গাজীপুর প্রতিনিধি: বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে আয়োজিত এক বিশাল পথসভায় এ মন্তব্য করেন তিনি।

পথসভায় সরকারের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, আমরা কোনো দলীয় দাবি নিয়ে এখানে আসিনি, এসেছি ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্য। আপনারা ৭০ ভাগ মানুষ গণভোটে হ্যাঁ বলেছিলেন। কিন্তু সরকার সেই রায় বাস্তবায়ন না করে অপমান করেছে। জনগণের সেই অপমানের প্রতিশোধ নিতেই আমরা রাস্তায় নেমেছি।

লংমার্চের মূল দাবিগুলো তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, আজকের এই লংমার্চ জনগণের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া, শিল্পকারখানার সচল চাকা সচল রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং পানির অভাবে হাহাকার করা মানুষের দুঃখ দূর করার দাবিতে। এছাড়া রাস্তাঘাট, হাটবাজার ও টেম্পু স্ট্যান্ডসহ সর্বত্র চাঁদাবাজি চিরতরে বন্ধ করা, দুর্নীতিতে ছেয়ে যাওয়া দেশকে দুর্নীতিমুক্ত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ এবং সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই লংমার্চ।

‘শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব’

সরকারকে সতর্ক করে তিনি আরও বলেন, আজ আমরা ৮ দফা দাবি নিয়ে মাঠে নেমেছি। তবে জনগণের প্রয়োজনে এই ৮ দফা দাবি যেকোনো সময় ১ দফায় পরিণত হতে পারে।

জনগণের অধিকার আদায়ে সবাইকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহা. জামাল উদদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। 

এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলী আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মওলানা মামুনুল হক, আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জুসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

গাজীপুরের পথসভা শেষ করে সকাল ১০টার দিকে লংমার্চটি টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

—জা. অর্থনীতি/এনজে