Print Date & Time : 08 November 2026 Sunday 05:45 am

সৌদি আরবের কাছে ৪৮ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

image

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, লকহিড মার্টিনের তৈরি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান সৌদি আরবের কাছে বিক্রির বিষয়ে অনুমোদন দেয়া হয়েছে।

রয়টার্স সূত্রে খবর,প্রস্তাবিত এই চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে দীর্ঘদিনের মার্কিন নীতিতেও পরিবর্তনের ইঙ্গিত মিলবে। কারণ, মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সাধারণত তার মিত্র ইসরায়েলের ‘কোয়ালিটেটিভ মিলিটারি এজ’ বা সামরিক সক্ষমতায় প্রযুক্তিগত অগ্রাধিকার বজায় রাখার বিষয়টি বিবেচনায় নেয়।

প্রায় ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের এই সম্ভাব্য চুক্তির আওতায় সৌদি আরব ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান পেতে পারে। এর সঙ্গে থাকবে প্র্যাট অ্যান্ড হুইনির ৪৯টি ইঞ্জিন, যোগাযোগ সরঞ্জাম, খুচরা যন্ত্রাংশ এবং অন্যান্য সহায়ক সামগ্রী।

এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে সৌদি আরবের আগ্রহ অবশ্য নতুন নয়। ২০২৫ সালের শুরুর দিকে দেশটি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এই যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করে। লকহিড মার্টিনের তৈরি অত্যাধুনিক এই যুদ্ধবিমান কেনার বিষয়ে রিয়াদ দীর্ঘদিন ধরেই আলোচনা চালিয়ে আসছে।

স্টেলথ প্রযুক্তির কারণে এফ-৩৫ শত্রুপক্ষের রাডার ও অন্যান্য শনাক্তকরণ ব্যবস্থা এড়িয়ে অভিযান চালাতে সক্ষম। এ কারণেই এটিকে বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।

মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত শুধু ইসরায়েলের কাছেই এফ-৩৫ রয়েছে। প্রায় এক দশক ধরে দেশটি এই যুদ্ধবিমান ব্যবহার করছে এবং ইতোমধ্যে একাধিক স্কোয়াড্রন গড়ে তুলেছে।

—জা.অর্থনীতি/জেআরটি