Print Date & Time : 04 November 2026 Wednesday 09:29 pm

কুড়িগ্রামে ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা, অভিযুক্ত আটক

image

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম পৌর শহরের চর হরিকেশ এলাকায় প্রকাশ্যে এক প্রবীণ ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম রোস্তম আলী খোকা (৮০)। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টার দিকে পৌর শহরের চর হরিকেশ এলাকায় এ নির্মম ঘটনাটি ঘটে। নিহত রোস্তম আলী খোকা ওই এলাকারই স্থায়ী বাসিন্দা ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকালে স্থানীয় একটি দোকানে চা পান শেষ করে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন প্রবীণ রোস্তম আলী। এ সময় কোনো প্রকার বাকবিতণ্ডা বা পূর্ব উসকানি ছাড়াই অভিযুক্ত জলিল প্রকাশ্যে আকস্মিকভাবে তার ওপর হামলা চালায় এবং ধারালো ছুরি দিয়ে আঘাত করে। মারাত্মক রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধারের জন্য এগিয়ে এলেও আঘাত গুরুতর হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ঘাতক জলিলকে চারদিক থেকে ঘিরে ফেলে আটক করে এবং থানায় খবর দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

হত্যাকাণ্ডের ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তাদের অভিযোগ, চর হরিকেশ এলাকায় দীর্ঘদিন ধরে অবাধে মাদকের কেনাবেচা ও সেবন চলছে। মাদকের বিস্তার ঘটার কারণে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ভয়াবহ রূপ নিয়েছে, যার বলি হতে হলো এক নিরীহ বৃদ্ধকে। অবিলম্বে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার এবং এলাকায় মাদকবিরোধী বিশেষ সমন্বিত অভিযান চালানোর জোর দাবি জানান তারা।

ওসি জানান, "খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মূল অভিযুক্ত জলিলকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"

—জা. অর্থনীতি/এলএটি